খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মির্জা ফখরুল

বিএনপির সাবেক মহাসচিব ও দলটির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে বেগম খালেদা জিয়া নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার পেছনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার নেতৃত্বে দলটি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে।
তিনি বলেন, আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত ও জনকল্যাণমুখী রাজনৈতিক দলে পরিণত করতে হবে। এমনভাবে দলকে প্রস্তুত করতে হবে, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার সক্ষমতা আরও বাড়ানো যায়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা ও আপসহীন অবস্থানের কারণেই দেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে বলেই সব দায়িত্ব শেষ হয়ে যায়নি। খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করতে হবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সফু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচিতে নেতাকর্মীরা তার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা এবং দলের নেতৃত্বের বিভিন্ন দিক স্মরণ করছেন।