হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর কারও মৃত্যুই এখন পর্যন্ত নিশ্চিত হাম হিসেবে শনাক্ত হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩।
অন্যদিকে, নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একই সময়ে মারা গেছে ৯৯ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৭২৮ শিশু। সব মিলিয়ে এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের।
এই সময়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।
হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ রয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।