বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি, দাম ৪৮ হাজার ৯৯ টাকা

বাংলাদেশের বাজারে নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। মধ্যম বাজেটের এই ফোনে বড় সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫জি সমর্থন, শক্তিশালী প্রসেসর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট দেওয়া হয়েছে।
গ্যালাক্সি এ২৭ ৫জিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ১০৮০ × ২৩৪০ পিক্সেলের রেজল্যুশনের এই স্ক্রিনে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এ২এক্স সিরিজে প্রথমবারের মতো এতে ইনফিনিটি-ও পাঞ্চ-হোল ডিজাইন ব্যবহার করা হয়েছে।
পাতলা নকশার ফোনটির মাপ ১৬২ দশমিক ৪ × ৭৮ দশমিক ২ × ৭ দশমিক ৮ মিলিমিটার এবং ওজন প্রায় ২০০ গ্রাম। ফোনের সামনে ও পেছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এবং প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। ধুলা ও পানিরোধী সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং।
পারফরম্যান্স ও স্টোরেজ
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড ২ দশমিক ৪ গিগাহার্টজ।
বাংলাদেশের বাজারে ফোনটি দুটি কনফিগারেশনে পাওয়া যাওয়ার কথা রয়েছে—৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।
ক্যামেরায় ওআইএস
ফটোগ্রাফির জন্য পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সমর্থন রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
৫০০০ এমএএইচ ব্যাটারি ও এআই সুবিধা
গ্যালাক্সি এ২৭ ৫জিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। দ্রুত চার্জের জন্য এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে।
সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫। স্যামসাংয়ের ঘোষণা অনুযায়ী, ডিভাইসটি ছয় প্রজন্ম পর্যন্ত অ্যান্ড্রয়েড ও ওয়ান ইউআই আপডেট এবং ছয় বছর নিরাপত্তা আপডেট পাবে।
এ ছাড়া গ্যালাক্সি এআই ও গুগল জেমিনাইয়ের সমন্বয়ে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা এবং নিরাপত্তার জন্য বিল্ট-ইন নক্স ভল্ট রয়েছে।
বাংলাদেশে দাম
বাংলাদেশে গ্যালাক্সি এ২৭ ৫জি-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের অফিসিয়াল দাম ৪৮ হাজার ৯৯ টাকা।
দেশের বাজারে ফোনটি কালো, হালকা সবুজ ও হালকা গোলাপি—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণ থাকলেও বাংলাদেশে এসব মডেলের দাম ও আনুষ্ঠানিক প্রাপ্যতা সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।