সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে নতুন সমীকরণ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি ছাড়াই সংঘাতের অবসান ঘটানোর সম্ভাবনাও বিবেচনা করছে তার প্রশাসন। এ ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে পারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা।

রোববার (৯ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে সংঘাত থেকে বের হওয়ার সম্ভাব্য পথ খুঁজছেন ট্রাম্প। ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর সঙ্গে আলোচনায় তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন পরমাণু চুক্তি না হলেও যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করাকে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হচ্ছে।

তবে তেহরানও কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালি খুলে দিতে রাজি নয়। ইরানের পক্ষ থেকে ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়ার মতো বেশ কিছু দাবি তোলা হয়েছে।

ইরানের এসব শর্ত থেকে বোঝা যাচ্ছে, দ্রুত সমঝোতায় পৌঁছানোর পরিবর্তে তেহরান দীর্ঘস্থায়ী সংঘাত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হরমুজ প্রণালি কেন গুরুত্বপূর্ণ

ইরান ও ওমানের মধ্যবর্তী সরু জলপথ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ। আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও দ্রুত এর প্রভাব পড়ে।

যুদ্ধ শুরুর পর ইরান প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। বিশেষ করে মার্কিন যুদ্ধজাহাজ ও তাদের মিত্রদের জাহাজ চলাচল ঠেকানোর হুঁশিয়ারি দেয় তেহরান। বাণিজ্যিক জাহাজের কাছ থেকেও অর্থ আদায়ের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে।

অন্যদিকে ওয়াশিংটন ইরানের এ ধরনের বিধিনিষেধ মেনে নেয়নি। প্রণালি ব্যবহারের জন্য তেহরানের টোল আরোপের উদ্যোগও প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প অবশ্য সাম্প্রতিক সময়ে একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি এরই মধ্যে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। তবে সংঘাতের প্রভাব মার্কিন অর্থনীতিতেও পড়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় দেশটিতে জ্বালানির দাম এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে।

রাজনৈতিক চাপেও ট্রাম্প

ইরানের সঙ্গে সংঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও ট্রাম্পের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামনে মার্কিন মধ্যবর্তী নির্বাচন থাকায় সামরিক অভিযান থেকে কী অর্জন হয়েছে, তা ভোটারদের কাছে তুলে ধরার চাপ বাড়ছে তার ওপর।

এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা গেলে সেটিকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি রাজনৈতিক ও কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন।

ফলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবিতে কিছুটা ছাড় দিয়ে হলেও সংঘাতের অবসান ঘটানোর পথ খুঁজছেন ট্রাম্প—এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে সাম্প্রতিক আলোচনায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন