বড় কোডবেস সামলাতে মেটার নতুন এআই এজেন্ট

ডেভেলপারদের জন্য নতুন এআই কোডিং টুল উন্মুক্ত করেছে মেটা। ‘মিউজ কোড’ নামের এই এআই এজেন্ট বড় সফটওয়্যার প্রকল্পে কোড লেখা, পরিবর্তনের পরিকল্পনা করা এবং ফলাফল যাচাইয়ের মতো জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম। প্রাথমিকভাবে এটি বেটা সংস্করণে প্রকাশ করা হয়েছে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বড় আকারের কোডবেসে সফটওয়্যার উন্নয়নের পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে তৈরি করা হয়েছে মিউজ কোড। এটি প্রয়োজন অনুযায়ী কোড বিশ্লেষণ করে পরিবর্তনের পরিকল্পনা তৈরি করতে, নতুন কোড লিখতে এবং সেই পরিবর্তন সঠিকভাবে কার্যকর হয়েছে কি না তা পরীক্ষা করতে পারে।
নতুন টুলটি মেটার উন্মুক্ত মিউজ স্পার্ক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এর অন্যতম বৈশিষ্ট্য হলো, একই প্রকল্পে একাধিক এআই এজেন্ট একসঙ্গে কাজ করতে পারে। ফলে বড় সফটওয়্যার প্রকল্পে বিভিন্ন অংশে সমান্তরালভাবে কাজ করার সময় কোডের সংঘর্ষ বা দ্বন্দ্বের ঝুঁকি কমে।
জাকারবার্গের ভাষ্য, ব্যবহারকারীর মূল কোডে সরাসরি পরিবর্তন না এনে আলাদা একটি নিরাপদ পরিবেশে কাজ করে মিউজ কোড। পরীক্ষামূলক ব্যবহারে এটি একই সঙ্গে একটি গেমের ছয়টি নতুন ফিচার তৈরি করতে সক্ষম হয়েছে।
মেটা জানিয়েছে, মাত্র একটি কমান্ডের মাধ্যমেই টুলটি ইনস্টল করা যায়। বড় সফটওয়্যার প্রকল্পে কাজ করা ডেভেলপারদের সময় সাশ্রয় এবং জটিল উন্নয়ন প্রক্রিয়া সহজ করাই এর মূল লক্ষ্য।
এআইভিত্তিক সফটওয়্যার উন্নয়ন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মিউজ কোড উন্মুক্ত করেছে মেটা। বর্তমানে এই খাতে ওপেনএআইয়ের Codex এবং অ্যানথ্রপিকের Claude Code–এর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার উন্নয়ন কাজে মিউজ কোড কার্যকর বিকল্প হতে পারে। একই সঙ্গে খরচের দিক থেকেও এটি প্রতিযোগিতামূলক রাখার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে মেটা। গ্রাহকসেবার জন্য এআই এজেন্ট উন্মোচনের পর এবার সফটওয়্যার ডেভেলপারদের জন্য বিশেষায়িত এই এআই কোডিং টুল প্রকাশ করল প্রতিষ্ঠানটি।