‘খামেনির রক্তের বিচার হবেই’—প্রথম বক্তব্যে কঠোর বার্তা মোজতবার

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। শনিবার (১১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার লিখিত বার্তা পাঠ করে শোনানো হয়।
বক্তব্যে মোজতবা খামেনি বলেন, তার বাবা এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এটি শুধু তার ব্যক্তিগত অঙ্গীকার নয়, বরং ইরানি জনগণেরও প্রত্যাশা। খামেনির রক্তকে ‘বিশুদ্ধ’ উল্লেখ করে তিনি বলেন, এ রক্তের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পরবর্তী যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তার দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।
অবশেষে গত ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়। দাফনের আগে তার মরদেহ ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নেওয়া হয়, যেখানে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানান।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেষ বিদায়ে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কিছু প্রতিবেদনে এই সংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা, ইকোনমিক টাইমস