হরমুজ নিরাপত্তা প্রশ্নে ওমানে নতুন আলোচনা শুরু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-চলাচলসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেই তিনি ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দুই মাস ধরে হরমুজ প্রণালি ঘিরে ইরান ও ওমানের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার নতুন দফার বৈঠকে অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের কর্মকর্তারা বরাবরই দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকারের অংশ। এ বিষয়ে তেহরান নিজের অবস্থানে অনড় রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, অতীতেও যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতা ও চুক্তি ভঙ্গ করেছে এবং বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের আচরণ করছে।
বাঘেই আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার উদ্যোগ নেয়নি। তবে কোনো মধ্যস্থতাকারী তেহরানে এলে তাদের সঙ্গে আলোচনায় বসতে ইরান প্রস্তুত রয়েছে।
তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় (এক্সেম্পশন) প্রত্যাহারের মাধ্যমে পূর্ববর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত লঙ্ঘন করা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সবসময়ই বিশেষ গুরুত্ব দেওয়া হয়।