গোপন রেকর্ডিং ঠেকাতে নিউইয়র্কের সব আদালতে স্মার্ট গ্লাস নিষিদ্ধ

আদালতের কার্যক্রম গোপনে ধারণের ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সব আদালতে স্মার্ট গ্লাস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আদালতে স্মার্ট গ্লাসের ওপর রাজ্যব্যাপী পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপকারী প্রথম অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে নিউইয়র্ক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত সব ধরনের স্মার্ট গ্লাস এবং স্মার্ট হেডওয়্যার নিউইয়র্কের ইউনিফায়েড কোর্ট সিস্টেমের আওতাধীন ১ হাজার ২৪০টি আদালত ভবনে বহন করা যাবে না। এমনকি প্রেসক্রিপশন লেন্সযুক্ত স্মার্ট গ্লাসও আদালতে নেওয়ার অনুমতি থাকবে না। যাদের দৃষ্টিশক্তির জন্য চশমা প্রয়োজন, তাদের সাধারণ চশমা ব্যবহার করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আদালতে প্রবেশের আগে স্মার্ট গ্লাস নিরাপত্তাকর্মীদের কাছে জমা রাখতে হবে। এই বিধান আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং দর্শনার্থী—সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।
নিউইয়র্কের আদালতে আগে থেকেই ছবি তোলা, ভিডিও ধারণ, অডিও রেকর্ডিং বা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ ছিল। তবে স্মার্ট গ্লাসের মাধ্যমে গোপনে ভিডিও ধারণ করা সহজ হওয়ায় নতুন করে এ প্রযুক্তির ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের আদালতে উপস্থিতির সময় তার দলের কয়েকজন সদস্য রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস পরে আদালতে প্রবেশ করলে বিষয়টি আলোচনায় আসে। পরে বিচারক আদালতের কার্যক্রম রেকর্ড না করার বিষয়ে সতর্ক করেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্ট গ্লাসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। ইতোমধ্যে রয়্যাল ক্যারিবিয়ান ও এমএসসি ক্রুজ তাদের কিছু এলাকায় এ ধরনের ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে গাড়ি চালানোর সময় স্মার্ট গ্লাস নিষিদ্ধের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
স্মার্ট গ্লাস কী?
স্মার্ট গ্লাস দেখতে সাধারণ চশমার মতো হলেও এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং বিভিন্ন সেন্সর সংযুক্ত থাকে। এর মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ, ফোন কল গ্রহণ, গান শোনা, ভয়েস কমান্ডে এআই সহকারী ব্যবহার, লাইভ অনুবাদ এবং কিছু মডেলে অগমেন্টেড রিয়েলিটি (এআর) সুবিধাও পাওয়া যায়।
বর্তমানে মেটার রে-ব্যান স্মার্ট গ্লাস বাজারে সবচেয়ে আলোচিত। এছাড়া গুগল, অ্যাপল ও স্যামসাং নতুন প্রজন্মের এআই ও এআরভিত্তিক স্মার্ট গ্লাস প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। তবে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ভবিষ্যতে আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এ ধরনের ডিভাইস ব্যবহারে কঠোর নীতিমালা গ্রহণ করতে পারে।
সূত্র: এনগ্যাজেট