টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি টিকটকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয়তার তালিকায় সংগীতশিল্পী টেইলর সুইফট তার অনেক নিচে অবস্থান করছেন। তবে প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তিনি টিকটকের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। বক্তব্যের সময় তিনি রসিকতা করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন।
তবে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি তথ্যচিত্রে ট্রাম্পকে ‘টিকটকে সবচেয়ে বেশি অনুসরণ করা ও সবচেয়ে বেশি দেখা বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেখানে বিশ্বের সব টিকটক ব্যবহারকারী বা বিনোদন জগতের তারকাদের সঙ্গে তার কোনো তুলনা করা হয়নি।
এ কারণে টেইলর সুইফটকে ওই তালিকায় ১১তম অবস্থানে দেখানো হয়েছে—এমন দাবিরও কোনো ভিত্তি পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নামে উল্লেখ করা ৪২৫ বিলিয়ন ভিউ মূলত #Trump হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশিত সব ধরনের ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে ট্রাম্পের নিজস্ব ভিডিও ছাড়াও সমর্থনমূলক, সমালোচনামূলক ও সাধারণ ব্যবহারকারীদের তৈরি সব কনটেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এই সংখ্যা তার ব্যক্তিগত জনপ্রিয়তার সরাসরি সূচক নয়।
অনুসারীর সংখ্যার দিক থেকেও ট্রাম্প টেইলর সুইফটের তুলনায় পিছিয়ে রয়েছেন। বর্তমানে টিকটকে ট্রাম্পের অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ, আর টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ। অর্থাৎ অনুসারীর সংখ্যায় সুইফট প্রায় দ্বিগুণ এগিয়ে।
অন্যদিকে টিকটকের সবচেয়ে বেশি অনুসারী থাকা কনটেন্ট নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন খাবি লেইম। তার অনুসারী সংখ্যা ১৬ কোটিরও বেশি। এরপর রয়েছেন চার্লি ডি'অ্যামেলিও এবং মিস্টারবিস্ট।
সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা ও নিরাপত্তা ইস্যুতেও মন্তব্য করেন। তবে উন্মুক্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয় হলেও টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রিটিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।