বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পুনর্গঠনে মাইক্রোসফটের বড় সিদ্ধান্ত, চাকরি হারাচ্ছেন ৫ হাজার কর্মী

পুনর্গঠনে মাইক্রোসফটের বড় সিদ্ধান্ত, চাকরি হারাচ্ছেন ৫ হাজার কর্মী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বব্যাপী প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কোম্পানির বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ এ সিদ্ধান্তের আওতায় পড়ছেন। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গেমিং বিভাগ এক্সবক্সে, যেখানে ধাপে ধাপে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে।

প্রথম ধাপেই এক্সবক্স বিভাগ থেকে প্রায় ১ হাজার ৬০০ কর্মী চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও আধুনিক কাঠামোয় রূপ দিতে এই পুনর্গঠন করা হচ্ছে।

তিনি জানান, ছাঁটাই হওয়া পদগুলোতে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কর্মীদের প্রতিস্থাপন করা হচ্ছে না। তবে এআই প্রযুক্তির প্রসারে কাজের ধরন বদলে যাওয়ায় প্রতিষ্ঠানকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।

মাইক্রোসফট ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড অবকাঠামো খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। ২০২৬ সালে ডেটা সেন্টার ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে প্রায় ১৯০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

এর আগে যুক্তরাষ্ট্রে কর্মীদের জন্য স্বেচ্ছা অবসরের সুযোগ চালু করেছিল মাইক্রোসফট। যোগ্য কর্মীদের ৩০ শতাংশেরও বেশি সেই প্রস্তাব গ্রহণ করেন। গত বছরও কয়েক দফায় হাজারো কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

এক্সবক্স বিভাগের প্রধান আশা শর্মা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গেমিং ব্যবসাকে আরও কার্যকর ও টেকসই করতে সাংগঠনিক পরিবর্তন প্রয়োজন। বড় প্রকাশকদের পাশাপাশি এখন ছোট স্বাধীন গেম স্টুডিওগুলোর সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই সব স্টুডিও নিজেদের অধীনে পরিচালনা করা আর বাস্তবসম্মত নয়।

পুনর্গঠনের অংশ হিসেবে কমপালশন গেমস ও ডাবল ফাইন প্রোডাকশনস স্বাধীন স্টুডিও হিসেবে পরিচালিত হবে। অন্যদিকে নিনজা থিওরি ও আনডেড ল্যাবস নতুন ব্যবস্থাপনার অধীনে যাবে।

প্রতিষ্ঠানটি জানায়, মহামারির পর গেমিং খাতে ব্যয় কমে যাওয়া এবং হার্ডওয়্যার সংকটের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এর ফলে এক্সবক্স কনসোলের দাম ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এক্সবক্স বিভাগের আয় ৫ শতাংশ কমেছে। যদিও ২০২০ সালের পর কর্মীর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে, একই সময়ে সক্রিয় খেলোয়াড়ের সংখ্যা কমেছে।

তবে মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতের প্রবৃদ্ধি ধরে রাখতে তারা কৌশলগত বিনিয়োগ অব্যাহত রাখবে এবং আরও শক্তিশালী ব্যবসায়িক কাঠামো গড়ে তুলবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন