বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এক ধাক্কায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করলো মাইক্রোসফট

এক ধাক্কায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করলো মাইক্রোসফট
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্যয় কমানো ও ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে একদিনে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এটি প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। ছাঁটাইয়ের আগে কোম্পানিটিতে প্রায় ২ লাখ ২০ হাজার কর্মী কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেয়ারবাজারে দুর্বল পারফরম্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে বিপুল বিনিয়োগের কারণে ব্যয় নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় ১৯ থেকে ২৩ শতাংশ কমেছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় অর্ধবার্ষিক পতন। এতে বাজারমূল্য থেকেও প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার কমে গেছে।

এদিকে ২০২৬ সালে এআই অবকাঠামো উন্নয়নে প্রায় ১৯০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। প্রত্যাশার চেয়ে বেশি এই ব্যয় প্রতিষ্ঠানটির ওপর আর্থিক চাপ বাড়িয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এক্সবক্স গেমিং বিভাগে। ছাঁটাই হওয়া ৪ হাজার ৮০০ কর্মীর মধ্যে প্রায় ১ হাজার ৬০০ জনই এই বিভাগের। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ অর্থবছর শেষ হওয়ার আগেই এক্সবক্স বিভাগে মোট ছাঁটাইয়ের সংখ্যা ৩ হাজার ২০০-তে পৌঁছাতে পারে, যা বিভাগের মোট কর্মীর প্রায় ২০ শতাংশ।

একই সঙ্গে চারটি গেমিং স্টুডিও নতুন মালিকানার কাছে হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছে মাইক্রোসফট। এক্সবক্স বিভাগের মুনাফা কমে মাত্র ৩ শতাংশে নেমে আসা এবং বিপুল বিনিয়োগের পরও আয় না বাড়ায় এ পুনর্গঠন করা হচ্ছে।

তবে মাইক্রোসফট বলছে, এই ছাঁটাই সরাসরি এআই দিয়ে কর্মী প্রতিস্থাপনের জন্য নয়। প্রধান পিপল অফিসার অ্যামি কোলম্যান জানান, বিলুপ্ত হওয়া পদগুলো এআই দিয়ে পূরণ করা হচ্ছে না, যদিও এআই কাজের ধরন পরিবর্তন করছে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ব্র্যাড স্মিথ বলেন, দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতেই এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও চলতি বছরের শুরুতে প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেয় মাইক্রোসফট। ২০২৫ সালেও দুই দফায় ১৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের চাপের কারণে শুধু মাইক্রোসফট নয়, অ্যামাজন, মেটা, ওরাকল ও স্যামসাংসহ বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ব্যাপক কর্মী ছাঁটাই করছে। ২০২৬ সালের প্রথমার্ধেই বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে প্রায় ১ লাখ ৬৫ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন