বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সিরির কণ্ঠ ও কথার ধরন এবার নিজের মতো বদলানো যাবে

সিরির কণ্ঠ ও কথার ধরন এবার নিজের মতো বদলানো যাবে
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও স্বাভাবিকভাবে ব্যবহারযোগ্য করতে নতুন সুবিধা যুক্ত করেছে অ্যাপল। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের পছন্দ অনুযায়ী সিরির কণ্ঠস্বর, কথার গতি এবং আবেগের প্রকাশ নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, আইওএস ২৭-এর তৃতীয় বেটা সংস্করণে এ ফিচার যুক্ত হয়েছে। আগে এটি ‘শিগগিরই আসছে’ বার্তা হিসেবে থাকলেও এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে।

নতুন সুবিধায় ব্যবহারকারীরা নারী বা পুরুষ কণ্ঠের পাশাপাশি বিভিন্ন উচ্চারণের ভয়েস বেছে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া সিরি কত দ্রুত কথা বলবে এবং তার কণ্ঠে কতটা আবেগ বা স্বাভাবিকতা থাকবে, সেটিও নিজের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা যাবে। সেটিংস পরিবর্তনের সময় সিরি কয়েকটি নমুনা বাক্য শোনাবে, যাতে ব্যবহারকারী নতুন কণ্ঠস্বর আগে থেকেই শুনে নিতে পারেন।

অ্যাপল জানিয়েছে, এআই প্রযুক্তির মাধ্যমে সিরিকে আরও মানবিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার সহকারী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে, নতুন সংস্করণে সিরির সঙ্গে যোগাযোগের পদ্ধতিও আরও সহজ করা হয়েছে। ব্যবহারকারীরা ভয়েস কমান্ড, স্ক্রিনে টাইপ করা, পাশের বোতাম ব্যবহার কিংবা আলাদা সিরি অ্যাপের মাধ্যমেও নির্দেশ দিতে পারবেন।

এ ছাড়া রিমাইন্ডারস অ্যাপের আইকনেও পরিবর্তন আনা হয়েছে। তবে কিছু পরীক্ষামূলক ব্যবহারকারী জানিয়েছেন, আপডেটের পর সাময়িকভাবে তাদের ডিভাইসে সিরি দেখা যায়নি। আবার কারও ফোনে তথ্য পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে, যা ভবিষ্যতের এআইভিত্তিক সার্চ সুবিধার প্রস্তুতির অংশ বলে ধারণা করা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্মগুলোর মতো আরও উন্নত ও ব্যক্তিগত ব্যবহার-অভিজ্ঞতা দিতে ধাপে ধাপে সিরিতে নতুন ফিচার যুক্ত করছে অ্যাপল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন