বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ম্যাক ব্যবহারকারীদের জন্য এআই সহকারী ‘জেমিনি স্পার্ক’ উন্মোচন করল গুগল

ম্যাক ব্যবহারকারীদের জন্য এআই সহকারী ‘জেমিনি স্পার্ক’ উন্মোচন করল গুগল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য নতুন এআই-চালিত সহকারী ‘জেমিনি স্পার্ক’ চালু করেছে গুগল। বর্তমানে এটি পরীক্ষামূলক (বিটা) সংস্করণে পাওয়া যাচ্ছে এবং আপাতত যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী গুগল এআই আলট্রা গ্রাহকেরাই এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

চলতি বছরের মে মাসে আয়োজিত গুগল আই/ও ডেভেলপার সম্মেলনে প্রথম জেমিনি স্পার্কের ঘোষণা দেওয়া হয়। গুগলের দাবি, এটি কেবল প্রশ্নের উত্তর দেওয়ার এআই নয়; বরং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম একটি স্মার্ট সহকারী।

জেমিনি স্পার্কের মাধ্যমে ম্যাক কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে থাকা পিডিএফ ফাইল স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে রাখা, নির্দিষ্ট ফোল্ডারে স্থানান্তর করা এবং সংরক্ষিত তথ্য ব্যবহার করে গুগল ওয়ার্কস্পেসের বিভিন্ন কাজ সম্পন্ন করা যাবে। উদাহরণস্বরূপ, ল্যাপটপে থাকা একাধিক ইনভয়েস বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একটি স্প্রেডশিট তৈরি করতে পারবে এই এআই।

গুগল জানিয়েছে, ভবিষ্যতে জেমিনি স্পার্কে আরও উন্নত ফিচার যুক্ত করা হবে। ব্যবহারকারীরা স্মার্টফোন থেকেই ম্যাকে থাকা ফাইল খুঁজে বের করা, প্রয়োজনীয় ডকুমেন্ট ই-মেইলে পাঠানোসহ বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন এবং স্পার্ক তা সম্পন্ন করবে।

তবে এসব সুবিধা ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে প্রয়োজনীয় ফাইল ও তথ্য ব্যবহারের অনুমতি দিতে হবে। গুগলের ভাষ্য, ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ফাইল বা তথ্য অ্যাক্সেস করবে না জেমিনি স্পার্ক।

এছাড়া বর্তমানে গুগল টাস্কস ও গুগল কিপ-এর সঙ্গে জেমিনি স্পার্ক সংযুক্ত করা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যানভা, ড্রপবক্স, ইনস্টাকার্ট, ওপেনটেবিল এবং জিলো রেন্টাল-এর মতো জনপ্রিয় তৃতীয় পক্ষের সেবার সঙ্গেও এর সমন্বয় যুক্ত হবে।

বর্তমানে জেমিনি স্পার্ক শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বিটা সংস্করণে উন্মুক্ত রয়েছে। এটি ব্যবহার করতে হলে মাসিক ১০০ মার্কিন ডলারের গুগল এআই আলট্রা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।


সূত্র: এনগ্যাজেট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন