ফিলিস্তিনি শিক্ষার্থীদের অন-অ্যারাইভাল ভিসায় সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত

বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় সহযোগিতা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে বাংলাদেশের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট ও দৃঢ়। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশ সেই নীতিগত সমর্থন অব্যাহত রাখবে।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশ ও পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থায় বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর অনুরোধ জানান রাষ্ট্রদূতকে।
এ সময় রাষ্ট্রদূত আরও প্রস্তাব দেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে তার একটি অনুলিপি যাচাইয়ের স্বার্থে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে পরিচালিত সাইবার অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।