বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনিদ্রা-হতাশায় বহুতলে বিমান আছড়ে ফেলেন চীনা পাইলট, নিহত ১ আন্তর্জাতিক সুদের ঝুঁকি সামলাতে নতুন নীতি জারি দুই দফা রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা ফিলিস্তিনি শিক্ষার্থীদের অন-অ্যারাইভাল ভিসায় সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত এলপি গ্যাসের দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা নতুন অর্থবছরের প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতন শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৮.৭২ কেজি স্বর্ণ জব্দ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক বাজেটে সরকার–বিরোধী দলের যৌথ অংশগ্রহণকে ‘ঐতিহাসিক’ বললেন চিফ হুইপ এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না সাড়ে ৫ লাখ শিক্ষার্থী, কারণ জানালেন শিক্ষামন্ত্রী
  • ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন রিজভী

    ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন রিজভী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ন্যায়বিচার ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে তরুণ আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচারের যে ঐতিহ্য ও মূল্যবোধ রয়েছে, তা বাস্তবে প্রতিষ্ঠা করার দায়িত্ব বিশেষ করে নতুন প্রজন্মের আইনজীবীদের ওপরই বর্তায়।

    বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল' অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

    রিজভী বলেন, অতীতে বিচার বিভাগের স্বাধীনতা নানা প্রশ্নের মুখে পড়েছিল। তাঁর দাবি, আদালতের স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপের সুযোগ থাকা উচিত নয়। বিচারব্যবস্থাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক আইনজীবী বিভিন্ন ধরনের চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। সেই সময় আইনজীবীরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

    রিজভীর ভাষ্য, বর্তমান সরকার সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং সরকারের কর্মকাণ্ডে বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধার প্রতিফলন রয়েছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি বলেন, একটি দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে আইনের শাসন ও মানবাধিকার আরও শক্তিশালী হয়। এ লক্ষ্যেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কাজ করে যাবে।

    বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, বর্তমান সরকারের সামনে নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে। তবে বিচার বিভাগের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, সাম্প্রতিক কিছু বিচারিক সিদ্ধান্তই এর প্রমাণ বহন করে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন।

    সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন