শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৮.৭২ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণের এই চালান উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআইয়ের একটি দল বিমানের কার্গো হোল্ডে তল্লাশি চালায়। অভিযানে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং ঢাকা কাস্টমস হাউসও অংশ নেয়।
তল্লাশির সময় কার্গো হোল্ড থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছিল। সাম্প্রতিক এ ঘটনায় আবারও বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।