ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময়ই গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।
উভয় পক্ষই বাংলাদেশ-ফিলিস্তিন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।