নতুন অর্থবছরের প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতন

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বগতির বদলে দেখা গেছে দরপতনের চিত্র। আগের কার্যদিবসে বড় উত্থান ও রেকর্ড লেনদেনের পর বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম—উভয় শেয়ারবাজারেই মূল্যসূচক কমেছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।
দিনের শুরু থেকেই ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যেই প্রধান সূচক প্রায় ২৫ পয়েন্ট নেমে যায়। পরে কিছু প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় সূচকে সাময়িক উন্নতি এলেও শেষ পর্যন্ত বিক্রির চাপ বাড়ায় বাজার আবার নিম্নমুখী হয়ে পড়ে।
লেনদেন শেষে ডিএসইতে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৮৫টির দর কমেছে এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে পৌঁছেছে।
বাজারে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৩৪ কোটি ১১ লাখ টাকা কম।
লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং, যার শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ১ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ৬০ কোটি ৪৬ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৭ লাখ টাকা।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় ছিল বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, আইটি কনসালটেন্টস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সোনারগাঁও টেক্সটাইল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনের লেনদেন শেষে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমেছে। বাজারে লেনদেনে অংশ নেওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ারদর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে এদিন মোট ৬০ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪১ কোটি ১৩ লাখ টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।