এলপি গ্যাসের দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) বা এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, সংশোধিত এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা, যা এখন কমে ১ হাজার ৫২৮ টাকা হয়েছে।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশীয় বাজারে এলপিজির নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।