বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এআইয়ের পাশাপাশি সফটওয়্যার উন্নয়নে জোর দিচ্ছে অ্যাপল

এআইয়ের পাশাপাশি সফটওয়্যার উন্নয়নে জোর দিচ্ছে অ্যাপল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সফটওয়্যার অভিজ্ঞতা উন্নত করাকে অগ্রাধিকার দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন (WWDC)-এ নতুন এআই সুবিধার পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সফটওয়্যার সমস্যার সমাধানও তুলে ধরা হয়েছে।

সম্মেলনের শুরুতেই অ্যাপল জানায়, ব্যবহারকারীদের জন্য আরও সহজ, দ্রুত ও কার্যকর অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের বর্তমান লক্ষ্য। সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেদেরিগি বলেন, বড় উদ্ভাবনের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো সমস্যাগুলোর সমাধানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত কয়েক বছরে অ্যাপলের সফটওয়্যার ডিজাইন, তথ্য অনুসন্ধান ব্যবস্থা এবং ফাইল শেয়ারিং সুবিধা নিয়ে ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগ ছিল। নতুন আপডেটে এসব বিষয়ে বেশ কিছু উন্নয়ন আনা হয়েছে।

অ্যাপলের আলোচিত ‘লিকুইড গ্লাস’ ডিজাইনেও পরিবর্তন আনা হচ্ছে। ব্যবহারকারীরা এখন ইন্টারফেসের স্বচ্ছতা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন, ফলে লেখা পড়া ও ব্যবহার আরও সহজ হবে। পাশাপাশি অ্যাপ আইকন ও টুলবারকেও আরও স্পষ্ট ও ব্যবহারবান্ধব করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন সফটওয়্যার আপডেটের ফলে আইফোন ও আইপ্যাডে অ্যাপ চালু হওয়ার গতি সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। ছবি প্রদর্শনের গতি ৭০ শতাংশ পর্যন্ত উন্নত হবে এবং ফাইল আদান-প্রদানও হবে আরও দ্রুত।

অ্যাপল জানিয়েছে, ২০১৯ সালে উন্মোচিত আইফোন ১১ সিরিজের ব্যবহারকারীরাও এসব কর্মক্ষমতা উন্নয়নের সুবিধা পাবেন।

তথ্য অনুসন্ধান ও ই-মেইল ব্যবস্থায়ও নতুন সুবিধা যুক্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা দ্রুত খুঁজে পাওয়া এবং অগ্রাধিকারভিত্তিতে ই-মেইল প্রদর্শনের সুবিধা দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য অ্যাপে নারীদের বিশেষ স্বাস্থ্যসংক্রান্ত পর্যবেক্ষণ ফিচার যোগ করা হয়েছে।

সম্মেলনের অন্যতম আলোচিত বিষয় ছিল উন্নত সংস্করণের সিরি। অ্যাপলের কণ্ঠনির্ভর সহকারী এখন ব্যবহারকারীর বক্তব্য ও প্রেক্ষাপট আরও ভালোভাবে বুঝতে পারবে এবং শুধু প্রশ্নের উত্তর নয়, বিভিন্ন কাজ সম্পন্ন করতেও সহায়তা করবে। তবে এই সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বছরের শেষ নাগাদ উন্মুক্ত হতে পারে।

এছাড়া অ্যাপলের এআই প্রযুক্তি ওয়েবসাইট বিশ্লেষণ, তথ্য অনুসন্ধান, বার্তার প্রেক্ষাপট বুঝে উত্তর দেওয়ার পরামর্শ এবং ছবি সম্পাদনার মতো কাজে ব্যবহৃত হবে। নতুন আপডেটে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধাও আরও উন্নত করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই খাতে গুগল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় কিছুটা পিছিয়ে থাকা অ্যাপল এবার সফটওয়্যার উন্নয়ন ও নতুন এআই সুবিধার মাধ্যমে সেই ব্যবধান কমানোর চেষ্টা করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন