অরাজক পরিস্থিতি ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালের খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কাজ করছে। তবে যেকোনো কাজ করতে হলে নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করতে হয়। কোনো অন্যায়কারীর বিচারও আইন অনুযায়ী হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মহল রাস্তা-ঘাট ও যান চলাচল বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে। উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান দাবি করেন, অতীতে সংকটময় সময়ে বিএনপির নেতাকর্মীরা ভুক্তভোগীদের পাশে ছিল এবং মানবিক সহায়তায় অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে। জনগণের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে তিনি যেকোনো ধরনের ষড়যন্ত্র ও বিভ্রান্তি মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।