বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। সেখানে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরার পর এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। তাঁর এই মাজার জিয়ারতকে পারিবারিক শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দায়িত্ব পালনের ধারাবাহিকতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।