প্রযুক্তি ও কর্মসংস্থানে আনসার বাহিনীর অবদান বাড়ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রেও বাহিনীটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
বুধবার (২০ মে) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দর, শহর ও দুর্গম পার্বত্য এলাকায় আনসার সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায়ও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে বাহিনীটি।
তিনি আরও বলেন, আনসার বাহিনীর হাজারো সদস্য বর্তমানে প্রযুক্তিনির্ভর কাজ ও ফ্রিল্যান্সিং কার্যক্রমের সঙ্গে যুক্ত। পাশাপাশি বিভিন্ন এলাকায় সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে ভিডিপি ও টিডিভি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। সঞ্জীবন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছে বাহিনীটি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে বিদেশমুখী দক্ষ জনশক্তি তৈরিতে বড় অবদান রাখবে আনসার বাহিনী।
এর আগে সকালে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন জেলার আনসার সদস্যদের সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।