নতুন পে-স্কেল কার্যকরে সময় লাগতে পারে ২০২৯ সাল পর্যন্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত ‘নবম জাতীয় পে-স্কেল’ বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হতে পারে।
তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর হতে ২০২৯ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
একসঙ্গে বড় ধরনের আর্থিক চাপ এড়াতে সরকার ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার কাজ চলছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হতে পারে। এরপর ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে সমন্বয় করে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর করা হবে।
প্রস্তাবিত এই পে-স্কেলের আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা বলছেন, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর গত এক দশকে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন।
তারা আগামী বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল (২০২৬)
নিচে গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর সম্ভাব্য তালিকা দেওয়া হলো, যা চূড়ান্ত গেজেট অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
গ্রেড ১: ১,৬০,০০০ (নির্ধারিত)
গ্রেড ২: ১,৩২,০০০ – ১,৫৩,০০০
গ্রেড ৩: ১,১৩,০০০ – ১,৪৮,৮০০
গ্রেড ৪: ১,০০,০০০ – ১,৪২,৪০০
গ্রেড ৫: ৮৬,০০০ – ১,৩৯,৭০০
গ্রেড ৬: ৭১,০০০ – ১,৩৪,০০০
গ্রেড ৭: ৫৮,০০০ – ১,২৬,৮০০
গ্রেড ৮: ৪৭,২০০ – ১,১৩,৭০০
গ্রেড ৯: ৪৫,১০০ – ১,০৮,৮০০
গ্রেড ১০: ৩২,০০০ – ৭৭,৩০০
গ্রেড ১১: ২৫,০০০ – ৬০,৫০০
গ্রেড ১২: ২৪,৩০০ – ৫৮,৭০০
গ্রেড ১৩: ২৪,০০০ – ৫৮,০০০
গ্রেড ১৪: ২৩,৫০০ – ৫৬,৮০০
গ্রেড ১৫: ২২,৮০০ – ৫৫,২০০
গ্রেড ১৬: ২১,৯০০ – ৫২,৯০০
গ্রেড ১৭: ২১,৪০০ – ৫১,৯০০
গ্রেড ১৮: ২১,০০০ – ৫০,৯০০
গ্রেড ১৯: ২০,৫০০ – ৪৯,৬০০
গ্রেড ২০: ২০,০০০ – ৪৮,৪০০