হজযাত্রায় ১৫ জন বাংলাদেশির মৃত্যু, চলতি মৌসুমে পৌঁছেছেন ৫৮,৩৪৭ জন

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এ পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে পৌঁছান।
মৃত ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা যান। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বুলেটিনে জানানো হয়েছে।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়, যা চলবে ২১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা ৩০ জুন পর্যন্ত চলবে।