কুমিল্লাকে বিভাগ করার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।
আজ শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের তিনটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
তিনি আরও জানান, কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।”
বক্তব্যের শুরুতে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন, “বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।”