ফারাক্কা লংমার্চ দিবস পালিত হচ্ছে আজ

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শনিবার (১৬ মে)। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লংমার্চ।
সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমবেত হন। পরে সেখান থেকে বিশাল লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। গঙ্গার পানির ন্যায্য অধিকার আদায়ে এ ধরনের গণআন্দোলন উপমহাদেশের ইতিহাসে বিরল।
তৎকালীন সময়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের ঝুঁকিতে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে দাবি রয়েছে।
পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হলেও প্রত্যাশিত পানি প্রবাহ নিশ্চিত হয়নি বলে বিশেষজ্ঞদের অভিমত।
উল্লেখ্য, ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুর এলাকায় ফারাক্কা বাঁধ নির্মিত হয়। এ বাঁধের কারণে গঙ্গার পানি অন্যদিকে প্রবাহিত হওয়ায় পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায় এবং বছরের বড় একটি সময় নদী নাব্য সংকটে ভোগে।