কুমিল্লায় প্রধানমন্ত্রীকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে যাত্রাপথে কুমিল্লায় প্রবেশ করেছেন। তিনি ইতোমধ্যে দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের আসন অতিক্রম করেছেন।
এ সময় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান।
চাঁদপুর সফরে যাওয়ার পথে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। মহাসড়কের প্রতিটি উপজেলায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
জানা যায়, দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচংয়ের নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, “আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।”