ইউটিউব অ্যাপে শর্টস বন্ধ করার সহজ উপায়

ইউটিউব ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত এক ফিচার যুক্ত হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তাদের নিউজ ফিড থেকে শর্ট-ফরম ভিডিও বা ‘শর্টস’ (Shorts) সম্পূর্ণভাবে বন্ধ রাখতে পারবেন। প্ল্যাটফর্মটির নতুন আপডেটে ‘শর্টস ফিড লিমিট’ (Shorts Feed Limit) শূন্য মিনিটে সেট করার সুবিধা চালু করা হয়েছে। এর ফলে মোবাইল অ্যাপের হোম ফিডে আর শর্টস ভিডিও দেখা যাবে না।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, গত বছরের অক্টোবরে ইউটিউব প্রথমবারের মতো এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে সে সময় সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট। নির্ধারিত সময় শেষ হলে ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য স্বয়ংক্রিয় নোটিফিকেশন দেখানো হতো।
সম্প্রতি নতুন আপডেটে এই সময়সীমা কমিয়ে সরাসরি ‘০ মিনিট’ করার অপশন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মূলত শর্টস ফিচারটি পুরোপুরি অচল করার সুযোগ তৈরি হয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে এটি শুধুমাত্র ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকদের জন্য তৈরি করা হলেও এখন সব সাধারণ ব্যবহারকারী এই সুবিধা পাবেন। তবে ইউটিউব সতর্ক করে জানিয়েছে, সেটিংস পরিবর্তন করলে স্ক্রলিং বন্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু কিছু ক্ষেত্রে সার্চ রেজাল্ট বা নির্দিষ্ট চ্যানেলে এককভাবে শর্টস ভিডিওগুলো দেখা যেতে পারে।
যেভাবে এই ফিচার চালু করবেন:
মোবাইল অ্যাপ থেকে ইউটিউব শর্টস বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ইউটিউব অ্যাপের 'সেটিংস' (Settings) অপশনে যান।
২. সেখান থেকে 'টাইম ম্যানেজমেন্ট' (Time Management) নির্বাচন করুন।
৩. এরপর 'ডেইলি লিমিট' (Daily Limit) থেকে 'শর্টস ফিড লিমিট' অপশনে যান।
৪. সেখানে ‘০ মিনিট’ সিলেক্ট করলেই ফিড থেকে শর্টস অদৃশ্য হয়ে যাবে।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত প্রতিদিনের শর্টস ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবেন। মূলত ডিজিটাল আসক্তি কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে ইউটিউবের এই নতুন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।