এআই ব্যবহারে বাড়ছে নির্ভরতা, কমছে মানুষের চিন্তাশক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের তাৎক্ষণিক কাজের গতি বাড়ালেও দীর্ঘমেয়াদে তা স্বতন্ত্র চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকদের যৌথ এক গবেষণায় উঠে এসেছে যে, এআই-এর ওপর অতি-নির্ভরতা মানুষের মস্তিস্কের ওপর নেতিবাচক ‘কগনিটিভ প্রভাব’ ফেলছে এবং মানসিক অধ্যবসায় কমিয়ে দিচ্ছে।
‘এআই অ্যাসিস্ট্যান্স রিডিউসেস পারসিস্টেন্স অ্যান্ড হার্টস ইন্ডিপেনডেন্ট পারফরম্যান্স’ শীর্ষক এই গবেষণায় ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারীর ওপর পরীক্ষা চালানো হয়। গবেষকরা দেখেছেন, মাত্র ১০ মিনিট এআই ব্যবহার করার পরই অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র প্রযুক্তিনির্ভরতা তৈরি হয়। যখনই তাদের থেকে এআই সহায়তা সরিয়ে নেওয়া হয়, তখনই তাদের সঠিক উত্তর দেওয়ার হার দ্রুত কমতে শুরু করে। শুধু তাই নয়, অনেকেই কোনো সমস্যা নিজে থেকে সমাধানের চেষ্টা পর্যন্ত ছেড়ে দেন।
গবেষণার সহ-লেখক এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের সহকারী অধ্যাপক রচিত দুবে বলেন, “এআই সরিয়ে নেওয়ার পর মানুষ শুধু ভুল উত্তরই দিচ্ছে না, তারা নতুন করে চেষ্টা করার ইচ্ছাও হারিয়ে ফেলছে।” তিনি সতর্ক করে বলেন, শিক্ষা খাতে এআই-এর এই অনিয়ন্ত্রিত ব্যবহার এমন একটি প্রজন্ম তৈরি করতে পারে যারা নিজেদের প্রকৃত সক্ষমতা সম্পর্কে অচেতন থাকবে, যা ভবিষ্যতে মানবিক উদ্ভাবন ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করবে।
তবে গবেষণায় একটি ইতিবাচক দিকও লক্ষ্য করা গেছে। যারা এআই-কে সরাসরি উত্তর পাওয়ার মাধ্যম হিসেবে না দেখে বরং ইঙ্গিত বা ধারণা পরিষ্কার করার ‘সহায়ক’ হিসেবে ব্যবহার করেছেন, তাদের ব্যক্তিগত পারফরম্যান্স অন্যদের চেয়ে ভালো ছিল।
উল্লেখ্য, গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ পর্যায়ে রয়েছে, তাই একে প্রাথমিক পর্যায়ের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।