মুখের কথা লেখায় রূপান্তর করবে গুগলের নতুন অ্যাপ

টাইপ করে দীর্ঘ লেখা তৈরির ঝামেলা এখন কমে যেতে পারে। গুগল সম্প্রতি চালু করেছে একটি নতুন এআই অ্যাপ, গুগল এআই এজ এলোকুয়েন্ট, যা ব্যবহারকারীর কথা শোনার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করবে। অর্থাৎ আলাদা করে টাইপ করার প্রয়োজন হবে না।
এই অ্যাপটি জেমিনি এআই মডেল ব্যবহার করে রিয়েল-টাইমে কথাকে পরিপাটি লেখায় রূপান্তর করবে। ব্যবহারকারী কথা বলা শুরু করলেই লাইভ ট্রান্সক্রিপশন মোড চালু হবে। মাঝখানে থেমে গেলে ট্রান্সক্রিপশনও সাময়িকভাবে থেমে যাবে।
এজ এলোকুয়েন্ট মূলত একটি উন্নত ডিকটেশন অ্যাপ। এটি সাধারণ কথাবার্তা এবং প্রফেশনাল লেখার মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম। বক্তৃতা, নোট নেওয়া বা দ্রুত লেখা তৈরির ক্ষেত্রে এটি বিশেষভাবে সহায়ক হবে।
ব্যবহার করতে হলে শুধু অ্যাপ ডাউনলোড করলেই হবে না, ব্যবহারকারীদের এআই মডেল ইনস্টল করতে হবে। এতে রয়েছে অটোমেটিক স্পিচ রেকগনিশন (ASR) প্রযুক্তি। ব্যবহারকারী চাইলে ক্লাউড মোড বন্ধ করেও এটি ব্যবহার করতে পারবেন। অফলাইন মোডে ফোনেই লাইভ ট্রান্সক্রিপশন চলবে, আর ক্লাউড মোড চালু থাকলে আরও দ্রুত ও নির্ভুল লেখা তৈরি হবে।
বর্তমানে বাজারে অনেক কথাকে লেখায় রূপান্তর করার অ্যাপ আছে। তবে এগুলোর অনেক সময় ব্যবহারকারীর কথা ঠিকভাবে বুঝতে পারে না। গুগলের এই নতুন অ্যাপ উন্নত এআই ব্যবহার করে তুলনামূলকভাবে দ্রুত এবং নির্ভুল লেখা তৈরি করতে সক্ষম হবে।