বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া মাত্রই ১৫ মিনিটের মধ্যে মুছে যাবে

হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া মাত্রই ১৫ মিনিটের মধ্যে মুছে যাবে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত গোপনীয়তা বাড়ানোর জন্য ‘আফটার রিডিং’ নামে নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা মেসেজ পড়ার মাত্রই স্বয়ংক্রিয়ভাবে চ্যাট থেকে মুছে দেবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ নামে একটি সুবিধা রয়েছে। এতে ব্যবহারকারীরা চাইলে ২৪ ঘণ্টা, ৭ দিন অথবা ৯০ দিনের টাইমার সেট করতে পারেন। নির্ধারিত সময় শেষ হলে সেই মেসেজ নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। তবে নতুন ‘আফটার রিডিং’ ফিচারটি আরও দ্রুতগতির নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করবে।

নতুন ব্যবস্থায় কোনো মেসেজ পড়ার পর প্রায় ১৫ মিনিটের মধ্যে সেটি উভয় ব্যবহারকারীর চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। আর যদি মেসেজটি খোলা না হয়, তাহলে সেটি প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত চ্যাটে থাকবে। নির্ধারিত সময় পার হলেই সেটিও নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিড রিসিপ্ট বা নীল টিক বন্ধ থাকলেও এই ফিচার কার্যকর থাকবে। ফলে ব্যবহারকারী মেসেজ পড়েছেন কি না তা দেখা না গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে বার্তাটি মুছে যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচারটি বিশেষভাবে উপকারী হতে পারে এমন পরিস্থিতিতে, যখন কেউ ওটিপি, ভেরিফিকেশন কোড বা অন্য কোনও সংবেদনশীল তথ্য শেয়ার করেন। এতে ব্যক্তিগত তথ্য দীর্ঘ সময় চ্যাটে থেকে যাওয়ার ঝুঁকি কমবে এবং গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, এই ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৬.১২.২-এ দেখা গেছে। তবে এখনও এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হয়নি। কোম্পানি পরীক্ষামূলকভাবে এটি যাচাই করছে এবং ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন ‘আফটার রিডিং’ ফিচারটি হোয়াটসঅ্যাপের বিদ্যমান ‘ভিউ ওয়ান্স’ সুবিধার আরও উন্নত সংস্করণ হতে পারে। বর্তমানে ‘ভিউ ওয়ান্স’-এ ছবি, ভিডিও বা ভয়েস নোট কেবল একবারই দেখা যায়, এরপর তা আর অ্যাক্সেস করা যায় না।

এদিকে সাইবার অপরাধ দমনে কর্তৃপক্ষের সঙ্গেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা তথাকথিত ‘ডিজিটাল অ্যারেস্ট’ ধরনের প্রতারণা মোকাবিলায় সরকার সংস্থাটিকে আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছে। এক উচ্চপর্যায়ের আন্তঃবিভাগীয় বৈঠকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস আইডি ব্লক করার বিষয়েও আলোচনা হয়েছে, যাতে প্রতারকরা বারবার নতুন অ্যাকাউন্ট তৈরি করতে না পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন