বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইনস্টাগ্রাম চালু করছে ‘প্যারেন্টাল অ্যালার্ট’ ফিচার

ইনস্টাগ্রাম চালু করছে ‘প্যারেন্টাল অ্যালার্ট’ ফিচার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ‘মেটা’-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এখন থেকে কোনো কিশোর বা কিশোরী যদি বারবার আত্মহত্যা বা আত্মক্ষতি (self-harm) সংক্রান্ত বিষয় অনুসন্ধান (search) করে, তবে স্বয়ংক্রিয়ভাবে তার অভিভাবকদের কাছে সতর্কবার্তা বা নোটিফিকেশন পাঠানো হবে।

ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল সুপারভিশন’ ফিচারের আওতায় থাকা অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিকর শব্দ বা বিষয় বারবার সার্চ করলে অ্যাপটি তাৎক্ষণিকভাবে অভিভাবককে অ্যালার্ট পাঠাবে। সতর্কবার্তার পাশাপাশি অভিভাবকদের জন্য বিশেষজ্ঞ পরামর্শও দেওয়া হবে, যাতে তারা সন্তানের সঙ্গে সংবেদনশীলভাবে বিষয়টি আলোচনা করতে পারেন।

আগে থেকেই ইনস্টাগ্রাম আত্মক্ষতিমূলক বিষয় সার্চ করলে ব্যবহারকারীকে ব্লক করে সহায়তামূলক রিসোর্সের দিকে পাঠাতো। এবারই প্রথম সরাসরি অভিভাবকদের এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে ফিচারটি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডায় চালু হবে এবং বছরের শেষের দিকে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ইনস্টাগ্রামের এই পদক্ষেপ এমন সময় এসেছে, যখন বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সের সীমাবদ্ধতা নিয়ে কঠোর আইন প্রণয়ন করছে। অস্ট্রেলিয়া গত ডিসেম্বর ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। ব্রিটেন, স্পেন, গ্রিস এবং স্লোভেনিয়া কিশোরদের অনলাইন সুরক্ষায় বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।

মেটা জানিয়েছে, “আমাদের কঠোর নীতি রয়েছে যা আত্মহত্যা বা আত্মক্ষতিকে উৎসাহিত করে এমন বিষয়বস্তু প্রচার নিষিদ্ধ করে। নতুন অ্যালার্টগুলো কিশোরদের সম্ভাব্য ক্ষতিকর বিষয়বস্তু থেকে রক্ষা করার জন্য চলমান প্রচেষ্টার অংশ।”

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের মাধ্যমে তৈরি আপত্তিকর ছবি ও তথ্য অনলাইন নিরাপত্তায় উদ্বেগ বাড়িয়েছে। ব্রিটেনে শিশুদের পর্নোগ্রাফি সাইটে প্রবেশ ঠেকানোর বিষয়েও প্রাপ্তবয়স্কদের গোপনীয়তা ও বাক-স্বাধীনতার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য ইনস্টাগ্রামের ‘টিন অ্যাকাউন্ট’ সেটিংসে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক করা এবং নতুন সার্চ অ্যালার্ট সিস্টেম অভিভাবকদের কিছুটা হলেও স্বস্তি দেবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন