পাসওয়ার্ড ম্যানেজার: নিরাপত্তা নাকি হ্যাকারদের সুবিধা?

ডিজিটাল দুনিয়ায় আমাদের প্রত্যেকের জীবন এখন অসংখ্য ‘তালাবদ্ধ দরজা’-র মতো। ফেসবুক, জিমেইল, ব্যাংক ও অফিসসহ প্রায় সব জায়গায় ঢোকার জন্য প্রয়োজন পাসওয়ার্ড। নিরাপত্তার জন্য বলা হয়, প্রতিটি পাসওয়ার্ড আলাদা, জটিল এবং অনুমেয় নয় হতে হবে। কিন্তু মানুষের মস্তিষ্ক তো সুপারকম্পিউটার নয়।
২০২৪ সালের এক জরিপ অনুযায়ী, একজন সাধারণ মানুষের গড়ে প্রায় ১৬০টি অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হয়। এতগুলো জটিল পাসওয়ার্ড মনে রাখা প্রায় অসম্ভব। তাই অধিকাংশ ব্যবহারকারী পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে থাকেন। লাস্টপাস, বিটওয়ার্ডেন বা ওয়ানপাসওয়ার্ডের মতো এই অ্যাপগুলো ব্যবহারকারীর পাসওয়ার্ডগুলো এনক্রিপ্ট করে সংরক্ষণ করে। শুধু একটি মাস্টার পাসওয়ার্ড মনে রাখলেই হয়।
কিন্তু সম্প্রতি জার্মানির ইটিএইচ জুরিখ ও লুগানো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জনপ্রিয় চারটি পাসওয়ার্ড ম্যানেজার পরীক্ষা করেছেন। তাদের অনুসন্ধানে দেখা গেছে, লুপহোল বা দুর্বলতা রয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে।
গবেষণায় বলা হয়েছে, যদি কোনো হ্যাকার কোম্পানিগুলোর মেইন সার্ভার নিয়ন্ত্রণে নিতে পারে, তবে ব্যবহারকারীকে বোকা বানিয়ে সব তথ্য হাতিয়ে নিতে পারবে। মোট ২৭টি ভিন্ন পদ্ধতি খুঁজে পাওয়া গেছে, যা হ্যাকারদের ব্যবহারকারীর সিন্দুক ভাঙতে সাহায্য করতে পারে।
গবেষকরা বিশেষভাবে সতর্ক করেছেন যে, ব্যবহারকারীদের সুবিধার জন্য যোগ করা ফিচারগুলোই ঝুঁকির মূল। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা। নিয়ম অনুযায়ী, ব্যবহারকারী তথ্য এনক্রিপ্ট করে পাঠায়। কিন্তু সার্ভার যদি দুষ্টু হয়, হ্যাকার সেই এনক্রিপ্টেড তথ্য হাতিয়ে নিতে পারবে।
অধ্যাপক কেনেথ প্যাটারসন গবেষণার ফলাফলকে অর্থনীতির ভাষায় ‘মার্কেট ফর লেমনস’-এর সঙ্গে তুলনা করেছেন। এর অর্থ, ক্রেতা জানে না সে কী কিনছে, বিক্রেতা জানে পণ্যের আসল মান কতটা খারাপ।
পাসওয়ার্ড ম্যানেজার কোম্পানিগুলো অবশ্য দাবি করছে, গবেষকদের পরিস্থিতি বাস্তবে ঘটানো কঠিন। সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে হবে, যা অতি জটিল এবং কোটি কোটি ডলার খরচের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা দ্বারা কঠিন করা হয়েছে।
গবেষণার পর ড্যাশলেন তাদের ওয়েবসাইটের নিরাপত্তা দাবিতে পরিবর্তন এনেছে। আগে তারা বলেছিল, সার্ভার হ্যাক হলেও তথ্য চুরি সম্ভব নয়। এখন লেখা হয়েছে, ‘সার্ভার হ্যাক হলে তথ্য চুরির সম্ভাবনা কম’।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, চোখ বন্ধ করে কোনো প্রযুক্তির ওপর শতভাগ ভরসা করা বোকামি। যদিও পাসওয়ার্ড ম্যানেজার শতভাগ নিরাপত্তা দিতে পারবে না, তবু এখনকার জন্য সবচেয়ে সুবিধাজনক ও নিরাপদ মাধ্যমই এটি। সর্বোপরি, নিরাপত্তার চাবি শেষমেশ ব্যবহারকারীর হাতে রাখা বুদ্ধিমানের কাজ।
দৈএনকে/জে, আ