বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • গ্রুপে যোগ দিলেই মিলবে পুরোনো চ্যাট, বড় আপডেট আনছে হোয়াটসঅ্যাপ

    গ্রুপে যোগ দিলেই মিলবে পুরোনো চ্যাট, বড় আপডেট আনছে হোয়াটসঅ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন করে যুক্ত হলে এতদিন আগের চ্যাট দেখা যেত না, ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নতুন সদস্যদের অজানা থেকে যেত। এবার সেই সমস্যার সমাধান আনছে মেটা। নতুন আপডেটে গ্রুপে যুক্ত হওয়া সদস্যরা নির্দিষ্ট সময়ের পুরোনো মেসেজ দেখতে পারবেন।

    আইফোন ব্যবহারকারীদের জন্য বড়সড় পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে খুব শিগগিরই এমন একটি ফিচার যোগ হতে পারে, যার ফলে নতুন করে কেউ গ্রুপে যুক্ত হলে আগের মেসেজগুলোও দেখতে পারবেন। এতদিন পর্যন্ত গ্রুপে যোগ দেওয়ার পরের কথোপকথনই শুধু দেখা যেত, আগের চ্যাট থাকত অদৃশ্য। নতুন আপডেটে সেই সীমাবদ্ধতা দূর হওয়ার ইঙ্গিত মিলছে।

    বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে আইওএস-এর টেস্টফ্লাইট বিটা ভার্সনে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ নামে একটি নতুন ফিচার পরীক্ষা করছে। প্রথমে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য এই সুবিধা আনার পরিকল্পনা থাকলেও, এবার তা আইফোন ব্যবহারকারীদের জন্যও চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এই তথ্য প্রথম প্রকাশ করেছে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো।

    নতুন এই ফিচার চালু হলে গ্রুপে যোগ দেওয়া নতুন সদস্যরা আগের কথোপকথনের প্রেক্ষাপট সহজেই বুঝতে পারবেন। টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে আগে থেকেই এই সুবিধা থাকলেও, হোয়াটসঅ্যাপে এতদিন তা অনুপস্থিত ছিল। আপডেটটি কার্যকর হলে নতুন সদস্য সর্বোচ্চ শেষ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি মেসেজ দেখতে পারবেন। এসব পুরোনো মেসেজ আলাদা রঙে প্রদর্শিত হবে, যাতে নতুন মেসেজের সঙ্গে গুলিয়ে না যায়।

    গ্রুপে নতুন কাউকে যুক্ত করার সময় ‘অ্যাড মেম্বার’ অপশনের পরেই একটি অতিরিক্ত বিকল্প দেখা যাবে, যেখানে পুরোনো চ্যাট শেয়ার করার অনুমতি দেওয়া যাবে। ব্যবহারকারী চাইলে ১০০টির কম সংখ্যক মেসেজও নির্বাচন করতে পারবেন। তবে গোপনীয়তার কথা মাথায় রেখে এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখা হবে। অর্থাৎ গ্রুপ অ্যাডমিন বা সদস্য নিজে থেকে অনুমতি না দিলে পুরোনো মেসেজ নতুন সদস্যের কাছে পৌঁছাবে না।

    এছাড়াও, কারও সঙ্গে গ্রুপের চ্যাট শেয়ার করা হলে বিষয়টি অন্য সদস্যদের জানিয়ে নোটিফিকেশন পাঠানো হবে। গ্রুপে স্পষ্ট করে দেখানো হবে কে নতুন সদস্যের সঙ্গে পুরোনো মেসেজ শেয়ার করেছেন। প্রথম তিনবার এই কাজ করার সময় সতর্কবার্তা দেখানো হবে, এরপর ব্যবহারকারী সম্মতি দিলেই মেসেজ শেয়ার করা যাবে।

    এই মুহূর্তে ফিচারটি শুধু টেস্টফ্লাইট ব্যবহারকারী আইওএস বিটা ইউজারদের জন্য সীমিত আকারে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে সব আইফোন ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এই আপডেট সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন