শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মধ্যরাতে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ আমির হামজার

মধ্যরাতে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ আমির হামজার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। এখন পুনরায় ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। সে কারণেই তখনই দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান তিনি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো ওই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন। তার দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তারা নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এ ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা—তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন