শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

তিনি শুধু আমার মা নয়, সমগ্র জাতির মা ছিলেন: তারেক রহমান

তিনি শুধু আমার মা নয়, সমগ্র জাতির মা ছিলেন: তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যে, তিনি শুধু আমার মা ছিলেন না; তিনি ছিলেন সমগ্র জাতির মা।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা শারীরিকভাবে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন, যা জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এছাড়া যেসব দেশ সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

তারেক রহমান আরও বলেন, “শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।”

তিনি উল্লেখ করেন, তার মা সারাজীবন মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে তার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি সেই পথযাত্রাকে এগিয়ে নেব।

তারেক রহমান বলেন, “আল্লাহ যেন আমার মায়ের রুহুকে শান্তি দান করেন। তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ দিয়েছেন, তাতেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন