মাকে নিয়ে তারেক রহমানের হৃদয়স্পর্শী পোস্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তারেক রহমান বলেন, “অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনন্ত অবদান রেখেছেন।”
তিনি আরও বলেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।”
তারেক রহমানের পোস্টে বলা হয়, “ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন।”
তিনি শেষ করেছেন, “আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।”
এর আগে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়ার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিএনপি সাত দিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ ও চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ভারতে গেছেন শেখ হাসিনা; পরদিন রাষ্ট্রপতি তাকে মুক্তি দিয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। তবে বয়সজনিত এবং বিভিন্ন রোগের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন।