কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন।
আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে শিক্ষকরা এই কর্মসূচি পালন করবেন এবং একই সঙ্গে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) অফিসের সামনে অবস্থান নেবেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ জানান, “সারাদেশে আমাদের শিক্ষকরা ইতিমধ্যেই কর্মবিরতিতে রয়েছেন। দাবি আদায়ে কর্মসূচি করতে গিয়ে অনেক শিক্ষক হেনস্থার শিকার হয়েছেন। তাই আমরা এবার বিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করতে যাচ্ছি। রাত ৭টায় ভার্চ্যুয়ালি সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত আছেন, যাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতনভাতা পাচ্ছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ তৈরি রয়েছে।
গত ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। পুলিশের সহিংসতার কারণে দেড় শতাধিক শিক্ষক আহত হন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফিরলেও, প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ২৭ নভেম্বর থেকে পুনরায় কর্মবিরতি শুরু করেন।
সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো:
দশম গ্রেডে বেতন নির্ধারণ
১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান,
শতভাগ বিভাগীয় পদোন্নতি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপাতত দশম গ্রেড সরাসরি প্রদানের পরিবর্তে ১১তম গ্রেডের সুপারিশ করেছে, যা শিক্ষকরা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।