এভারকেয়ার হাসপাতালে রাজনৈতিক ভিড় কমানোর অনুরোধ রাষ্ট্রদূতের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সবশেষ শারীরিক পরিস্থিতি জানতে সেখানে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও ভিড় করছেন। এ অবস্থায় হাসপাতালকে মিলনস্থল না বানানোর অনুরোধ জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক তার ওপর—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই দোয়াই আমাদের একমাত্র আশ্রয়।
তিনি আরও লিখেছেন, কিন্তু কিছু মানুষ অযথা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কী অর্জন করতে চায়, তা সত্যিই বোধগম্য নয়। এভারকেয়ার হাসপাতালকে মিলনস্থল বানানোর পরিবর্তে যার যার অবস্থান থেকে দেশবাসীর সঙ্গে নীরবে দোয়ায় শামিল হওয়াই শ্রেয়।
সব কিছুতে রাজনীতি খোঁজা কিংবা নিজেকে মেলে ধরার প্রবণতা পরিহার করলেই ভাল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, পাবলিক প্লেসে গিয়ে উচ্চস্বরে দোয়া-কালাম পড়ার কোনো বিধান আছে বলে আমার জানা নেই—এমন আচরণ অনেক সময় লোক দেখানো বা রিয়া হিসেবে বিবেচিত।
সবশেষে তিনি লিখেছেন, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা— বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। মহান আল্লাহ দেশের এই অভিভাবককে পূর্ণ সুস্থতা দান করুন।