মেহেদি, বেনারসি আর হাসি: সামান্থার বিশেষ দিন

‘১.১২.২০২৫’— ক্যাপশনে শুধু লেখা। সঙ্গে একটি ছবি, যেখানে দেখা যায় দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু মন্দিরের ভেতর থেকে বরের হাত ধরে বাইরে আসছেন। পরনে লাল বেনারসি, হাতে গাঢ় মেহেদি আর মুখে প্রশস্ত হাসি—দৃশ্যটি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।
পাশে সাদা পাঞ্জাবি-পায়জামায় যিনি দাঁড়িয়ে, তিনি আর কেউ নন; দীর্ঘদিনের চর্চিত প্রেমিক, পরিচালক রাজ নিদিমোরু! আজ সোমবার দুপুরে সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে বিয়ের জল্পনায় আনুষ্ঠানিক ইতি টানলেন। অথচ সকাল থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জন।
সূত্র জানিয়েছিল, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিং ভৈরবী মন্দিরে নাকি বিয়ের আসর বসেছে। ভিড়ভাট্টা নয়, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতেই চার হাত এক হয়েছে তাঁদের। এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও, ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ ও ‘সিটাডেল: হানি’ সিরিজের সেট থেকেই যে প্রেমের সূত্রপাত, তা আজ আর কারোর অজানা নয়। আমেরিকা ভ্রমণ থেকে তিরুপতি দর্শন—সবই ছিল এই শুভ পরিণয়ের ইঙ্গিত।
ভাগ্যচক্রের কী অদ্ভুত সমাপতন! ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসারের ইতি টেনেছিলেন সামান্থা। সেই নাগা ২০২৪-এর ডিসেম্বরেই শোভিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে, রাজ নিদিমোরুও ২০২২ সালে স্ত্রী শ্যামলি দের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন।
আর আজ, সব অতীত পেছনে ফেলে ২০২৫-এর ডিসেম্বরের প্রথম দিনেই রাজ-সামান্থা একে অপরের জীবনসঙ্গী হলেন। ডিভোর্সের চার বছর পর দক্ষিণী সুন্দরীর এই নতুন ইনিংসকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
দৈএনকে/জে, আ