মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অতিরিক্ত বাসভাড়া নিলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি

অতিরিক্ত বাসভাড়া নিলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাসভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল ও জরিমানার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট দেওয়া হবে কি না, সে বিষয়েও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন নির্ধারিত বাসভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবারই প্রকাশ করা হবে। প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়া কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত একটি হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর দাবি ওঠে।

তিনি বলেন, এর আগে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়লেও পরিবহন মালিকদের পক্ষ থেকে ১৫ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। ডলারের মূল্য বৃদ্ধি, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ার বিষয়ও তারা বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে সে সময় সরকার কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়িয়েছিল।

এবার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছিল বলে জানান মন্ত্রী। পরিবহন মালিকরা রক্ষণাবেক্ষণ ব্যয়ও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছিলেন।

তবে আলোচনা শেষে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সরকার পরিবহন খাতের ব্যয় বৃদ্ধি ও জনস্বার্থ—দুই বিষয় বিবেচনা করেই ভাড়া নির্ধারণের চেষ্টা করেছে।

তিনি বলেন, পরিবহন খাতে ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে। ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্যের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয় করা হয়েছে।

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন ভাড়া নির্ধারণের পর এর ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে রুট পারমিট বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে। ভবিষ্যতে ওই পরিবহনকে রুট পারমিট দেওয়া হবে কি না, সে বিষয়েও জবাবদিহি করতে হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, আগেরবার ভাড়া ১১ পয়সা বাড়ানোর পর নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের ঘটনা ঘটেনি বলে তার অভিজ্ঞতা। এবারও নির্ধারিত ১৭ পয়সার বেশি ভাড়া আদায় ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।

রেলভাড়া বাড়ানোর বিষয়ে তিনি বলেন, গতবার সরকার রেলের ভাড়া বাড়ায়নি। এবারও এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়টি আগামী পরশু অনুষ্ঠিতব্য বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে জানান মন্ত্রী। ওই দিন লঞ্চ মালিক সমিতির সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন