নীলফামারী থেকে তিস্তা প্রকল্পের দ্রুত কাজ শুরুর দাবি

নির্বাচনের তফশিল ঘোষনার আগেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
রবিবার(৫ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন তিন্তা নদী রক্ষা আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
স্বারকলিপিতে উল্লেখ করা হয় যে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। রাষ্ট্রীয় কোষাগারের অর্থে প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হলে পরবর্তী নির্বাচিত সরকার তা অব্যাহত রাখতে পারবে। এ দাবি পূরণে দেরি হলে তিস্তা এলাকার দুই কোটিরও বেশি মানুষের জীবনে হতাশা আরও গভীর হবে।
তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিকভাবে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি হবে উলেখ করে স্মারকলিপিতে জানানো হয়, কালক্ষেপন না করে অবিলম্বে প্রকল্প বাস্তবায়ন শুরু করতে হবে। জনগণের এই ন্যায্য দাবিকে বাস্তবে রূপ দিতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরবঙ্গের প্রাণের দাবি। এই প্রকল্প বাস্তবায়িত হলে নীলফামারীসহ তিস্তা তীরবর্তী পাঁচটি জেলার মানুষের জীবনমান উন্নত হবে, কৃষি, মৎস্য ও শিল্প খাতে সৃষ্টি হবে নতুন সম্ভাবনা। দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের মানুষ আজও উন্নয়নের মূল স্রোত থেকে বঞ্চিত।”
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য শেফাউল জাহাঙ্গীর সেপু, মুক্তার হোসেন, অ্যাড. আবু মো. সোয়েম, আকবর আলি খান, প্রবীর গুহ রিন্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।