সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পাগলা মসজিদের দানবাক্সে এবারও মিললো ৩২ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবারও মিললো ৩২ বস্তা টাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্স শনিবার (৩০ আগস্ট) সকালে খোলা হয়েছে।৪ মাস ১৮ দিন পর সকাল ৭টায় দানবাক্সগুলো খোলার পর ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ টাকা গণনার কাজে অংশ নেন।

সাধারণত তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। এ কারণে এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলা হলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। এছাড়াও বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তা দায়িত্বে ছিলেন।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন