নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মো. সাদ্দাম হোসেন বিজয়ী

দীর্ঘ প্রতীক্ষার পর স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত অস্থায়ী ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
এই নির্বাচনে মোট ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। অংশ নেয় তিনটি পক্ষ— বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে বিএনপিপন্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির ও এডভোকেট আনোয়ার প্রধান পরিষদ সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কিছু পদে জামায়াতপন্থী প্রার্থীরাও জয়ী হয়েছেন বলে জানা গেছে।
সহ-সভাপতি পদে (ব্যালট নং-২) বিপুল ভোটে বিজয় লাভ করেছেন সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার তরুণ প্রজন্মের শান্তিপ্রিয় আইনজীবী এডভোকেট মো. সাদ্দাম হোসেন। নির্বাচনী দিনকে ঘিরে তার বন্ধু, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজয়ের পর তিনি সহকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“এই বিজয় শুধু আমার নয়, এটি সহকর্মীদের সম্মিলিত বিজয়। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দিতে পারেননি— সকলের প্রতিই আমি কৃতজ্ঞ। আমি আশা করি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারবো।”
এডভোকেট সাদ্দাম হোসেন আরও বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর সমিতির সার্বিক উন্নয়ন, আইনজীবীদের কল্যাণ এবং সবার অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবেন।
নির্বাচনী প্রক্রিয়া জুড়ে আইনজীবী সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। উপস্থিত প্রার্থীরা একমত পোষণ করেন যে, এ নির্বাচন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে গণতান্ত্রিক চর্চা ও সহকর্মীদের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এন কে/বিএইচ/আমির