গৃহবধূকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত মামা শ্বশুর গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর স্ত্রীকে (২৪) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার মামা শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৫ আগস্ট সন্ধ্যায় অভিযুক্ত রুহুল আমিনকে (৩০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন, যার নং- ৫৩/৮/২০২৫।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: বারিক জানান, "আসামীকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।"
এর আগে, গত ২৩ আগস্ট গভীর রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম পাড়া (বকুলতলা) এলাকায় ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে থাকেন। এই সুযোগে অভিযুক্ত রুহুল আমিন, যিনি সম্পর্কে তার মামা শ্বশুর এবং বাড়ির পাশেই থাকেন, তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৩ আগস্ট রাত দেড়টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়েছিলেন। এই সুযোগে রুহুল আমিন তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। পরে তিনি ঘরে ফিরলে রুহুল আমিন তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ সময় ওই নারীর চিৎকারে তার সন্তানদের ঘুম ভেঙে যায় এবং আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় রুহুল আমিন এ ঘটনা কাউকে জানালে বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেন।
ভুক্তভোগী নারী বলেন, "ঘটনার পর আমি খুব ভয় পেয়ে যাই। পরে বিদেশে থাকা স্বামীর সঙ্গে ফোনে কথা বলে তাঁর পরামর্শে থানায় এসে অভিযোগ করেছি।"
অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারের অভিযান চালাচ্ছিল এবং অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।