বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

২৪ ঘণ্টায় বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম ছাত্র জনতার

২৪ ঘণ্টায় বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম ছাত্র জনতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য এবং অভ্যুত্থানের অন্যতম নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় জেলা পাবলিক লাইব্রেরিতে ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন ছাত্রনেতারা।

মূল বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া বলেন, “ফজলুর রহমান আমাদের অভ্যুত্থানকে অস্বীকার করে সন্ত্রাসী আখ্যা দেওয়ার চেষ্টা করছেন, যা অত্যন্ত শঙ্কাজনক। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে দাবি জানাচ্ছি—তিনি যেন দ্রুত ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অন্যথায়, ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় বিএনপিকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “উনি একজন মুক্তিযোদ্ধা—এ কারণে আমি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছি। তবে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং ছাত্র জনতা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।”

সারজিস আলমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে “সামান্য ইস্যুতে উদ্দেশ্যমূলক হয়রানি” উল্লেখ করে রাতুল নাহিদ ভূঁইয়া বলেন, “আমরা আশঙ্কা করছি, ন্যারেটিভ বানিয়ে আমাদের হয়রানির চেষ্টা করা হচ্ছে। তবে ছাত্র জনতা সব সময় প্রস্তুত—কেউ যেন মনে না করে আমরা ঘরে ফিরে গেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, ওয়ারিয়র্স অফ জুলাই’র মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, সদর উপজেলা শাখার যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল, সদস্য মিয়াদ, ইটনা উপজেলা শাখার সদস্য সচিব দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, সরকারি মহিলা কলেজের সদস্য সচিব নুহা, সদস্য রওজা ও মাইশা প্রমুখ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন