বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১২ ঘণ্টা পর উদ্ধার

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১২ ঘণ্টা পর উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। 

এর আগে দুপুর ২টার দিকে নরসিংদী শহরের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে শিশুটি চুরি হয়।

এ ঘটনায় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এক দিন বয়সী নবজাতকসহ তাঁকে আটক করা হয়। পরে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নবজাতকটি শিবপুর উপজেলার বাড়ৈআলগী গ্রামের শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। রোববার দুপুরে কেবিন থেকে শিশু নিখোঁজ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন