গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও তিনজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে শাহজালাল (২৫), পাবনার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩) এবং সুমন নামের আরেক আসামি। সুমনের কাছ থেকে চাপাতি ও সুইচগিয়ার উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, তারা তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সালকে গাজীপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব আরও চারজনকে আটক করেছিল, যারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।
এন কে/বিএইচ