বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ফ্লাইট

দীর্ঘ দুই বছর ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে চলে যাওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।
মুখপাত্র আরও বলেন, ‘সংবিধান পরিপন্থি উপায়ে তাঁকে নির্বাসনে পাঠানোর পর এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তাঁর ফেরার ব্যবস্থা করা।’
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তা সংস্থাটিকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভ্যুত্থান দমনে তাঁর সরকারের নির্দেশে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। পরে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।